মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘বিদেশে ইলিশের চাহিদা অনেক। সেক্ষেত্রে আমাদের প্রথম চাওয়া দেশের মানুষ যেন ইলিশ খেতে পারে। জাটকা নিধন বন্ধ হলে দেশের চাহিদা মিটিয়ে ইলিশ রফতানি করা যাবে। জাটকা সংরক্ষণে ক্ষতিকর জাল তৈরির সব কারখানা বন্ধের উদ্যোগ চলমান রেখেছি।’
বরিশাল বেলস পার্কে গতকাল জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি নৌ-শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কীর্তনখোলা নদীর ডিসি ঘাট থেকে শুরু হয়ে চরমোনাই গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘ইলিশের বাড়ি ভোলা, আর বিভাগ বরিশাল। কেননা দেশে উৎপাদিত মোট ইলিশের ৬৫ দশমিক ৮৮ শতাংশ বরিশাল বিভাগ থেকে আসে। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয় ভোলায়।’
ফরিদা আখতার বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক চালুর চেষ্টা করে যাচ্ছি। যেন জেলেরা সেখান থেকে সহজ শর্তে ঋণ নিতে পারেন। জাটকা সংরক্ষণকালীন জেলেদের যে খাদ্যপণ্য দেয়া হয় তা আগের চেয়ে বাড়ানোর জন্যও আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে উল্লেখ করে সবাইকে জাটকা নিধন বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, কোস্টগার্ড ভোলা জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান, নৌ-বাহিনী খুলনা অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম জিল্লুর রহমান, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন আজাদ ও নৌ-পুলিশ সুপার এসএম নাজমুল হক।










