রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুজন। আহতরা হলেন বরাট এলাকার সজীব হোসেন ও মহায় মমীন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে নিহত ছাত্রলীগ নেতা সবুজের বাড়িতে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতা সবুজ উপজেলার উড়াকান্দা এলাকার সামছুল আলম বাবুর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদের ভাতিজা।

বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ জানান, ঈদ উপলক্ষে পদ্মা নদীতে নৌকা ভাড়ার ব্যবসা করত সবুজ। প্রতিদিনের মতো রোববার রাতে সবুজ, তার বন্ধু সজীব ও স্পিডবোট চালক মহায় মমীনসহ ৯ জন সবুজের ঘরে বসে সারা দিনের আয়ের টাকা গোনা ও গল্প করছিলেন। এ সময় তার ঘরের পাশে প্রথমে একটি বোমা ফাটানো হয়। পরে জানালা দিয়ে দুর্বৃত্তরা গুলি ছুড়লে সবুজ, সজীব ও মহায় মমীন তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সবুজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘সবুজ ছাত্রলীগের একজন নিবেদিত নেতা ছিলেন। তার খুনের রহস্য উদঘাটন করে দোষীদের শাস্তির দাবি করছি।’ 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ এরই মধ্যে বিভিন্নভাবে কাজ শুরু করেছে। দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।