ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালীন দেশীয় অস্ত্র (রামদা) হাতে মহড়া দেয়ার ঘটনায় আল-সাদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় ভয়ভীতি প্রদর্শন ও পরীক্ষা কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ তুলে আলফাডাঙ্গা থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ৯ ডিসেম্বর আলফাডাঙ্গা আদর্শ কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষায় আল-সাদের স্ত্রী অংশ নেন। স্ত্রী কেমন পরীক্ষা দিচ্ছেন, তা দেখতে তিনি কলেজ ক্যাম্পাসে আসেন। তাকে কেন্দ্রে ঢুকতে বাধা দেয়া হলে ফিরে গিয়ে রামদা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার বিকালে যৌথ অভিযান চালিয়ে আল-সাদকে খুলনা মহানগরের সদর থানার ময়লাপোতা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ‘গ্রেফতারের পর রাতেই তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের অভিযান এখনো চলমান।’

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান জানান, ‘ঘটনার সময় আমরা আতঙ্কিত হয়ে ইউএনও ও থানায় খবর দিয়েছিলাম। পুলিশ আসার আগেই অভিযুক্তরা কলেজ ত্যাগ করে। পরে সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসন তৎপর হয়।’

আলফাডাঙ্গা থানার ওসি মো. আবুল হাসনাত খান বলেন, ‘প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টির অভিযোগে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। শনিবার রাতে র‍্যাব আল-সাদকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। গতকাল তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয় এবং সেখান থেকে জেলহাজতে পাঠানো হয়।’