ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার হীরাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাগর রাজারাম কলি (২৩) ভারতের সাংলী বোম্বে জেলার তাঁজগাও এলাকার মৃত রাজারাম কলির ছেলে ও বাংলাদেশী নাগরিক লিটন দেবনাথ (৩৬) হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি গ্রামের অবনী দেবনাথের ছেলে।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, একজন ভারতে যাচ্ছিলেন, আরেকজন ভারত থেকে এসেছিলেন।
বিজিবি ফকিরমোড়া বিওপির টহলদল সীমান্ত পিলার ২০২২/৫-এস এর নিকটবর্তী হীরাপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করে।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় নাগরিক সাগর রাজারাম কলি এক বছর দুই মাস আগে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসে নারায়ণগঞ্জে স্বর্ণকারের কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয় মানব পাচারকারী দালাল ও হীরাপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে বিজয় মিয়া (২৮) এবং আরমান আলীর ছেলে পারভেজের (২৮) সহযোগিতায় তিনি ভারতে ফেরত যাচ্ছিলেন।
এছাড়া বাংলাদেশী নাগরিক লিটন দেবনাথ গত ১০ দিন আগে চুনারুঘাট সীমান্ত দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ভারতের আগরতলায় এক ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
আটক হওয়া ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতের আধার কার্ড তৈরির আবেদন ফরম পাওয়া যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর এবং মানব পাচারে সহায়তাকারীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










