দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে বরিশালে তিনজন, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা ও ফরিদপুরে একজন করে নিহত হয়েছেন। গতকাল ও তার আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে— 

বরিশাল: জেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উজিরপুরে দ্রুতগতির একটি বাস এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে পথচারীসহ দুজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। বেলা ১টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে উপজেলার সানুহার বাস স্ট্যান্ডের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত পথচারী সুমন সরদার সানুহার এলাকার বেলাল সরদারের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহত বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের দ্রুত গতির বাসটি সুমন সরদার (১৮) নামে এক পথচারীকে চাপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। 

একই দিন বাবুগঞ্জ উপজেলায় একটি থ্রি-হুইলার (মাহেন্দ্র) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন। আহত চালকসহ ছয়জন। গতকাল সকাল সাড়ে ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থ্রি-হুইলারটির যাত্রীরা পিরোজপুরের ছারছীনার মাহফিলে যাচ্ছিলেন। নিহত মো. ছায়েদুর রহমান (৭৫) মাদারীপুরের কালকিনি উপজেলার কয়দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি একই উপজেলার দক্ষিণ রামারপোল এলাকার আবুল হোসেন আকনের ছেলে। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয়রা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আর তিনজনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় জয়নাল মিয়া (২৬) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল উপজেলার আনন্দ গ্রামের মাহতাব আলীর ছেলে। এ ঘটনায় আরো এক যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের শশই নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়নাল মিয়া নিহত হন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোল্লা সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ইটভাটার ট্রাক্টরের চাকার নিচে পড়ে হেলপার মিনারুল (১৮) নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে দর্শনার ইশ্বরচন্দ্রপুর সুপার ভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনারুল দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুন পাড়ার সার্থকের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দর্শনার ঈশ্বরচন্দ্রপুর সুপার ইটভাটা থে‌কে ইট নিয়ে ট্রাক্টর‌টি বের হয়। এ সময় ট্রাক্টরের হেলপার মিনারুল উঠতে গিয়ে পা ফসকে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফরিদপুর: জেলার ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস ওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে নাঈম ফকির (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) রাতে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার মৃত কিবরিয়া ফকিরের ছেলে। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহেল বাকি জানান, নিহত মোটরসাইকেল আরোহী এক্সপ্রেসওয়েতে উঠার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।