বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে ২৫টি মিয়ানমারের গরু জব্দ করেছে প্রশাসন। গতকাল বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বুচিমুখ এলাকা থেকে দুই ট্রাক বোঝাই এ গরু জব্দ করা হয়। তবে ট্রাক দুটিকে জব্দ দেখানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বিকাল ৫টার দিকে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম পরিচালিত মোবাইল কোর্ট বুচিমুখ এলাকায় পৌঁছে। সেই সময় সীমান্তের পোয়ামাহুরী আগা থেকে আসা গরু বোঝাই দুটি ট্রাক মোবাইল কোর্টের সামনে পড়ে। এ সময় সংশ্লিষ্ট বিষয়ে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ট্রাক ও ২৫টি গরু জব্দ করা হয়। পরে জব্দকৃত গরুভর্তি দুটি ট্রাক উপজেলা সদরের দিকে নিয়ে যাওয়া হয়।
ইউএনওর মোবাইল কোর্ট চলাকালে দায়িত্ব পালনকারী এসআই ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, বিকাল ৫টার দিকে বুচিমুখ এলাকা থেকে দুটি ট্রাক বোঝাই ২৫টি গরু জব্দ করা হয়। এ কাজে জড়িত হিসেবে একটি ইউনিয়নের সাবেক এক মেম্বারের নাম উঠে আসছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনার পর ২৫টি গরু জব্দ দেখানো হলেও দুটি ট্রাককে জব্দ দেখানো হয়নি।
এসব বিষয়ে জানতে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।










