বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিনে সিলেটের বিভিন্ন এলাকায় সড়কে নেমেছে নেতাকর্মীরা। এসময় রাস্তায় আগুন জ্বালিয়ে কর্মসূচি পালন করেন তারা।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সুনামগঞ্জ বাইপাসের কামাল বাজার এলাকায় সড়কে গাছের ডাল ফেলে আগুন ধরিয়ে দেয় মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সকাল সাড়ে ৭টার দিকে নাজিরবাজার এলাকার পীরবাড়ির রাস্তার মুখে সিলেট-ঢাকা মহাসড়কে ১৫-২০ জন ছাত্রদল-যুবদল নেতাকর্মী টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ একজনকে আটক করে নিয়ে যায়।

সকাল ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ককের দক্ষিণ সুরমার উপজেলার কুতুবপুর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। পরে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

এর আগে ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কের তেমুখি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের নেতারা।

এদিকে টানা অবরোধের শেষ দিনে আজো সিলেট নগরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। নগরের ভেতরে যান চলাচল একেবারে কম। মহাসড়কও অনেকটা সুনশান। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সকাল থেকে চলতে শুরু করেছে। ট্রেন যথাসময়ে সিলেট ছেড়ে গন্তব্যে রওয়ানা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, সকালে নাজিরবাজার ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে নাশকতার চেষ্টা করা হচ্ছে খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো জানমালের ক্ষতি করার আগেই একজনকে আটক করি। বাকিরা দৌড়ে পালিয়ে যায়। আটক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেয়া হচ্ছে।