নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের মূলখানা গ্রামে এ সংঘর্ষ হয়। নিহতের নাম রানা ফকির (২৫)। তিনি ওই গ্রামের ফায়েক ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সবর ফকির ও মান্নান শিকদার পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল দুপুরে সবর ফকির পক্ষের নবম শ্রেণীর একছাত্র স্কুলে যাওয়ার পথে মান্নান শিকদার পক্ষের কয়েকজন তরুণ তাকে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রানা ফকির ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তঁকে মৃত ঘোষণা করেন। নিহত রানা সবর ফকির পক্ষের লোক।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, ওই এলাকায় দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ আছে। তার জেরে তুচ্ছ ঘটনায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।










