বাগেরহাটের ফকিরহাটে উপজেলায় বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন যাত্রী। আজ শনিবার (১৩ জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন পুলিশ। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মনোয়ার বেগম (৪৫) নামের এক নারীকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার্স ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু বলেন, ‘সকল সাড়ে পোনে ৭টার দিকে রাজিব পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহন বাসটিতে ধাক্কা দেয়। এ সময় রাজিব পরিবহনের ৬ যাত্রী গুরুতর আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে মারা যান শ্রীধর গাঙ্গুলী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’

দোলা পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।