বগুড়ায় সেলিম প্রামাণিক (৩২) নামে এক যুবককে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় বাবা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে দুপচাচিয়া উপজেলার খিদিরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আব্দুর রহমান (৫৫) ও তার মেয়ে রূপালী বেগম (২৬)। নিহত ব্যক্তি সেলিম প্রামাণিক দুপচাঁচিয়ার খিদিরপাড়া গ্রামের কফির উদ্দিনের ছেলে।
গতকাল দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা।
তিনি জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার সন্ধ্যায় রূপালী পালিয়ে তার বান্ধবীর বাড়িতে গিয়ে বিয়ে করার জন্য সেলফোনে সেলিমকে ডেকে দুপচাঁচিয়ার বড়কোল ও বেরুঞ্জ গ্রামের মাঠে নিয়ে যান। সেলিম সেখানে গেলে রূপালীর বাবা ও তার তিন সহযোগী মিলে হাত-পা রশি দিয়ে বেঁধে মুখ ও মাথা স্কচটেপ দিয়ে পেঁচিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর মরদেহ যেন কেউ চিনতে না পারে, সেজন্য সেলিমের ব্যবহূত সেলফোনসহ তার অন্যান্য পরিধেয় জিনিসপত্র বুকের ওপর রেখে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যান।










