পদ্মাসেতু
বাস্তবায়নে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে মানুষের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পদ্মাসেতু বিশ্বের অন্যান্য মেগা প্রকল্পের মতো মানুষের জীবন মান বদলে দিয়েছে। তিন জেলার মানুষের উন্নয়নে ভূমিকা রাখছে। শুধু তাই নয় পদ্মাসেতু রিসেটেলমেন্ট
অ্যাকশন প্ল্যানে জনসাধারণের জীবনেও পরিবর্তন এসেছে। প্রত্যেক সাইটে স্কুল, মসজিদ, মার্কেট, বিদ্যুৎ, সড়কসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘ডেভেলাপমেন্ট হিউম্যান সিকিউরিটি নেক্সাস: এ স্টাডি অন পদ্মা ব্রিজ রিসেটেলমেন্ট এরিয়াস’ শীর্ষক একটি পুস্তক উন্মোচন সেমিনারের বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খান। বইয়ের অন্যতম লেখক ড. রাজিয়া সুলতানা বইটির পরিচিতি তুলে ধরেন। বিআইআইএসএসের গবেষণা কর্মকর্তা রাফিদ আবরার মিয়া গবেষণায় প্রাপ্ত প্রধান বিষয়গুলো তুলে ধরেন।
বইটির আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ড. দেলোয়ার হোসেন এবং আইইউসিএন এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদি আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার।
স্বাগত বক্তব্যে বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান বলেন, পদ্মা সেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নের ফলে সুদূরপ্রসারী অর্থনীতিক উন্নয়নের পাশাপাশি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের উন্নয়ন কূটনীতি আরো উন্নত হবে ও সরাসরি বিদেশী বিনিয়োগের মাধ্যমে দেশ লাভবান হবে।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পদ্মাসেতু বিশ্বের অন্যান্য মেগা প্রকল্পের মতো মানুষের জীবন মান বদলে দিয়েছে। শুধু তাই নয় পদ্মাসেতু রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যানে জনসাধারণের জীবনেও পরিবর্তন এসেছে। প্রত্যেক রিসেটেলমেন্ট সাইটে স্কুল, মসজিদ, মার্কেট, বিদ্যুৎ, সড়কসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে।
বিআইআইএসএসের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকার সমাপনী বক্তব্য রাখেন। তিনি মেগা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি প্রকল্প এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও জীবিকা নির্বাহে ভরণ পোষণের প্রতি গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, বৈদেশিক দূতাবাসের প্রতিনিধি, সাবেক কূটনৈতিক, সামরিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন ও তাদের মতামত তুলে ধরেন।










