সাত কলেজ নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বুধবারও (৩০ অক্টোবর) রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্বিবদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ঢাকা কলেজে থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। এদিকে সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা আব্দুর রহমান বলছেন, সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি সরকার মেনে নিচ্ছে না। আমরা চাই দ্রুত আমাদের দাবি মেনে নেয়া হোক। সরকার যৌক্তিক সমস্যার সমাধান না করে আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে। আমরা সড়ক অবরোধ করে জনগনকে ভোগান্তি দিতে চাই না। আমরা চাই আমাদের দাবি মেনে নিয়ে সরকার বিশ্ববিদ্যালয় রুপান্তর কমিশন গঠন করুক। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই।

এ সময় শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানবো না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।