দিনাজপুরে ঘুষের ৮০ হাজার টাকাসহ দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের উপমহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিকালে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় মহাপরিদর্শকের কার্যালয়ে অভিযান চালিয়ে ওই কর্মকর্তাকে আটক করা হয়। দুদকের উপপরিচালক আহসানুল কবির পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে অবস্থিত ইশান এগ্রো অ্যান্ড ফুডের কর্মকর্তা মো. রাশেদুজ্জামান রাসেল সাংবাদিকদের জানান, গত ২৫ এপ্রিল মোস্তাফিজুর রহমান দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লাইসেন্স নবায়ন করতে যান। এ সময় তিনি লাইসেন্স নবায়নের জন্য তার কাছে ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ২৭ এপ্রিলের মধ্যে তাকে টাকা ও কাগজপত্রসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আসতে বলেন। কিন্তু যথা সময়ে টাকাসহ হাজির না হওয়ায় মোস্তাফিজুর রহমান রাশেদুজ্জামান রাসেলকে ফোন করে জানান, তার মিলের ইশতিয়াক আহমেদ ও ম্যানেজার আশরাফুলের নামে মামলা করার প্রস্তুতি নিয়েছে দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এ অবস্থায় মামলা থেকে রেহাই পেতে চাইলে ২৩ মের মধ্যে টাকাসহ রাসেলকে অফিসে আসতে বলা হয়। কিন্তু গত ২৩ মে সকালে রাশেদুজ্জামান রাসেল টাকা ছাড়া কেবল প্রতিষ্ঠানের কাগজপত্র নিয়ে গেলে মোস্তাফিজুর রহমান তার সঙ্গে দুর্ব্যবহার করে কাগজপত্র ফিরিয়ে দেন। পরে রাশেদুজ্জামান রাসেল এ ব্যাপারে দিনাজপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।

দুদক উপপরিচালক আহসানুল কবির জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী গতকাল দুপুরে রাশেদুজ্জামান রাসেল কাগজপত্র নিয়ে দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ে যান। তিনি উপমহাপরিদর্শকের হাতে নগদ ৮০ হাজার টাকা তুলে দেন। উপমহাপরিদর্শক মোস্তাফিজ সেই টাকা গ্রহণ করলে দুদকের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা হাতেনাতে মোস্তাফিজুর রহমানকে আটক করেন।