কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে কোনো দিন খাদ্য সংকট হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের উন্নয়নে বিপুল পরিমাণ ভর্তুকি এবং সময়োপযোগী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই।
গতকাল সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর
উপজেলার শিবপুরে উন্নত জাতের সরিষা ও ধান উৎপাদনকারী চাষীদের সঙ্গে মতবিনিময় ও কৃষক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের কৃষি খাতের সাফল্য বিশ্বস্বীকৃত। একসময় সাত কোটি মানুষের এ দেশে খাদ্য সংকট দেখা দিত, আজ ১৭ কোটি মানুষের কেউ না খেয়ে থাকে না। এখন খাদ্যের জন্য আমরা কারো কাছে হাত পাতি না। দেশে মঙ্গা হয় না, দুর্ভিক্ষ হয় না। ১৪ বছরে কেউ না খেয়ে থাকেনি, একজনও না খেয়ে মারা যায়নি।’
ড. আবদুর রাজ্জাক বলেন, ‘দেশে ৫০ ভাগ তেল উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমাতে তিন বছর মেয়াদি রোডম্যাপ আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। প্রথম বছরেই এবার সারা দেশে দ্বিগুণ পরিমাণ সরিষা চাষ হয়েছে। আগামী দুই বছরের মধ্যে সরিষার আবাদ বৃদ্ধির সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে হবে। যাতে করে দুই বছর পর ভোজ্যতেল আমদানি অর্ধেকে নামিয়ে আনা যায় ও
আমদানিতে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব হয়।’
অনুষ্ঠানে কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা প্রশাসক আব্দুল লতিফ, সিঙ্গাইর উপজেলা চেয়ারম্যান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে কৃষিমন্ত্রী মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরিষা ও ধান আবাদের অগ্রগতি এবং আগামী বছরের কর্মপরিকল্পনাবিষয়ক আঞ্চলিক কর্মশালায় যোগ দেন।










