তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, মুক্তিকামী মানুষদের নেতা হিসেবে আমরা সবাই আগামী বছর মুজিববর্ষ পালন করব। মুজিববর্ষের অনুষ্ঠানমালায় অবশ্যই পরিবেশ রক্ষার কর্মসূচি থাকতে হবে। জাফলং, সুন্দরবন, কক্সবাজারকে রক্ষার ব্যাপারে কর্মসূচি থাকতে হবে।

গতকাল সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাফলং ও শ্রীপুর পাথর উত্তোলনের জন্য খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর গেজেট প্রকাশ ও ইসিএভুক্ত এলাকার তথ্য গোপন করে পাথর উত্তোলনের প্রতিবাদে নাগরিক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, আমাদের সম্পদ বুক আগলে রক্ষার প্রতিজ্ঞা আমরা বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখতে চাই। তিনি যেন কখনই বিনিয়োগকারীদের মিষ্টি কথার ফাঁদে পড়ে দেশ তাদের হাতে তুলে না দেন। তার উপরে আমাদের আস্থা আছে।

তিনি আরো বলেন, দেশ ক্রমেই উন্নয়নের নামে মানুষ ও পরিবেশের ক্ষতি করে নিজেদের পকেট ভারী করার ক্ষেত্রে পরিণত হচ্ছে। বিনিয়োগের নামে দেশ তাদের হাতে তুলে দিচ্ছি। সবাইকে এ অপচেষ্টা থামাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সুলতানা কামাল।

বাপা আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে উদীচী সিলেটের সভাপতি এনায়েত হোসেন মানিক, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমসহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা অংশ নেন।