টাঙ্গাইলের কালিহাতীতে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামে একটি ঘরের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত বাছেদ মিয়ার ছেলে মো. শাজাহান (৪২) ও দেলোয়ার হোসেন মেয়ে একই এলাকার দানেজের স্ত্রী আলেয়া বেগম (৩৯)। 

স্থানীয়রা জানান, আলেয়া তার স্বামীর সঙ্গে একই গ্রামে বসবাস করতেন। তাদের বাড়িতে শাজাহানের নিয়মিত যাতায়াত ছিল। এক সময় তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। দেড় মাস আগে আলেয়া ও শাহাজাহন এলাকা থেকে উধাও হন। গত বুধবার (১৪ অক্টোবর) তারা গ্রামে ফিরে আসেন। 

গতকাল বৃহস্পতিবার ওই গ্রামের আমজাদ ও কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। তবে রাতে ওই গ্রামের কয়েকজন যুবক তাদের গালিগালাজ ও চরথাপ্পড় মারে। আজ সকালে আলেয়ার স্বামী দানেজের গোয়াল ঘর থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শাজাহানের এক ছেলে ও এক মেয়ে এবং আলেয়ার ১১ বছরের এক সন্তান রয়েছে।

আলেয়ার বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার মেয়ের আত্মহত্যা করার কথা নয়। সে আত্মহত্যা করলে আগেই করতো। বাড়িতে এসে করতো না। তদন্ত সাপেক্ষে আমি সঠিক বিচার দাবি করছি।

স্থানীয় ইউনিয়ন ইউপি সদস্য হামিদ মিয়াও বলেন, এটা আত্মহত্যা নয়। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছোহরাব আলী বলেন, বিষয়টি রহস্যজনক। তাদের পা মাটিতে ঠেকানো ছিল। মাটিতে রক্তও পড়ে ছিল। এ ঘটনায় পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্ত দাবি করছি।

কালিহাতী থানার ওসি (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি আত্মহত্যা। তবে মাটিতে একটু রক্ত পড়ে ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক ঘটনা বের হয়ে আসবে।