বরিশালের
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির
উদ্দীন খোকন খানের বিরুদ্ধে একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মো.
রাকিব হোসেনকে (৩২) মারধরের অভিযোগ
উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী
দাবিদার ওই গ্রাম পুলিশ।
রোববার (১১ জুন) উপজেলার আন্দারমানিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হোল্ডিং ট্যাক্সের টাকা ইউনিয়ন পরিষদে জমা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিষদের একটি কক্ষের দরজা বন্ধ করে ওই গ্রাম পুলিশকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন চেয়ারম্যান। পরে আহত অবস্থায় তাকে প্রথমে বাড়িতে এবং পরে হাসপাতালে নেয়া হয়।
১, ২ ও ৩ নং
ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. শিল্পী বেগম
জানান, তিনি বিষয়টি জানেন। ওই দিন চেয়ারম্যান হোল্ডিং
ট্যাক্স বাবদ অতিরিক্ত টাকা ওঠানোর
জন্য গ্রাম পুলিশ সদস্যদের চাপ প্রয়োগ করেন, তারা রাজি না
হওয়ায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়েছেন বলেও অভিযোগ করেন
তিনি।
আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের সচিব মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। আহত রাকিব চিকিৎসাধীন রয়েছেন। ওই দিন অন্য এক গ্রাম পুলিশ সদস্যকে ৭ হাজার টাকা জরিমানাও করেন চেয়ারম্যান।
ইউনিয়ন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মো. আ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে এর সঠিক
তদন্ত ও বিচার দাবি করেন।
ভুক্তভোগী
দাবিদার গ্রাম পুলিশ সদস্যের অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন কাজিরহাট
থানার অফিসার ইনচার্জ মো. জুবাইর। ঘটনা তদন্ত করে ব্যবস্থা
নেয়ার আশ্বাস দেন তিনি।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দীন খোকন খানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।










