চলতি মৌসুমে পাবনার চাটমোহর উপজেলায় তিন টন পেঁয়াজ বীজ উৎপাদনের আশা করছেন কৃষকরা। বীজ উৎপাদনের জন্য কন্দ লাগানো পেঁয়াজ ক্ষেতগুলো এখন শুভ্র ফুলে ভরা। কিছুদিনের মধ্যে চাষীরা পেঁয়াজ ফুল থেকে বীজ সংগ্রহের কাজ শুরু করবেন। ফলন তুলনামূলক ভালো হওয়ায় এবার লাভও বেশি হবে বলে প্রত্যাশা কৃষকের।
পেঁয়াজ বীজ উৎপাদনকারী কৃষক হিসেবে এরই মধ্যে সাফল্য পেয়েছেন পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রামের (উত্তর পাড়া) কৃষক হায়দার আলী। ১৮ বছর ধরে পেঁয়াজ বীজ উৎপাদন করে আসছেন তিনি। চলতি মৌসুমেও তিনি তিন বিঘা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন করছেন। হায়দার আলী জানান, জমিতে পেঁয়াজ কন্দ লাগানোর আগে আটবার চাষ দেয়া হয়েছে। ২০০ টাকা বিঘা হিসাবে তিন বিঘা জমিতে আটটি চাষ দিতে তার খরচ হয়েছে ৪ হাজার ৮০০ টাকা। জমি প্রস্তুতের সময় টিএসপি ও পটাশ সারসহ বালাইনাশক বাবদ খরচ হয়েছে ৭ হাজার টাকা। তিন বিঘা জমিতে ৮০০ কেজি পেঁয়াজ কন্দ লাগিয়েছেন তিনি। যার দাম প্রায় ২৮ হাজার টাকা। এর মধ্যে ৬০০ কেজি পেঁয়াজ কন্দ উপজেলা কৃষি অফিস তাকে সরবরাহ করেছে। লাগানো বাবদ ১৫ জন শ্রমিককে পারিশ্রমিক দিতে হয়েছে ৬ হাজার টাকা। জমিতে পাঁচ দফায় সেচ বাবদ খরচ হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। এছাড়া আগাছা উৎপাটন, পরিচর্যা, নিয়মিত বিভিন্ন রকমের বালাইনাশক স্প্রে করতে হচ্ছে তাকে। সব মিলিয়ে তিন বিঘা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদনে তার মোট খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। তিনি আশা করছেন কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে তিন বিঘা জমি থেকে ৩০০ কেজি পেঁয়াজ বীজ পাবেন। চলতি মৌসুমের শুরুর দিকে প্রতি কেজি পেঁয়াজ বীজের দাম ছিল ৫-৬ হাজার টাকা। আগামী মৌসুমে তিনি যদি ৫ হাজার টাকা কেজি পেঁয়াজ বীজ বিক্রি করতে পারেন, তাহলে ১৫ লাখ টাকার বীজ বিক্রি করতে পারবেন।
হায়দার আলী আরো জানান, পেঁয়াজ বীজের স্বাভাবিক দাম দেড় থেকে ২ হাজার টাকা কেজি। কোনো বছর বেশি দাম পেলে অধিক লাভবান হন তিনি। কয়েক বছরে দুবার আশাতীত দাম পেয়েছেন। একই গ্রামের অন্য পেঁয়াজ বীজ উৎপাদনকারী কৃষক জাইদুল ইসলাম জানান, ছয় কাঠা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন করেছেন তিনি। এ জমিতে কার্তিক মাসে ৭০ কেজি পেঁয়াজ কন্দ রোপণ করেছিলেন তিনি। এ পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে তার। আশা করছেন এ জমি থেকে প্রায় ৩৫ কেজি পেঁয়াজ বীজ পাবেন। এটি একটি লাভজনক কৃষি বলে জানান তিনি।
চাটমোহর উপজেলা কৃষি দপ্তর থেকে জানা গেছে, পেঁয়াজ চাষ সম্প্রসারণে চলতি মৌসুমে চাটমোহরের ৭০০ কৃষককে ২৫০ গ্রাম করে প্রণোদনার পেঁয়াজ বীজ ও ৩০ কেজি করে সার দেয়া হয়েছে। চাটমোহরে সাধারণত তাহেরপুরী ও কলস নগর জাতের পেয়াজ চাষ হয়। চলতি মৌসুমে আবহাওয়া পেঁয়াজ চাষের অনুকূলে থাকায় কন্দ পেঁয়াজ এবং পেঁয়াজ বীজ চাষীরা ভালো ফলন পাচ্ছেন।










