মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর আহসান হাবিব (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার জাফরগঞ্জ এলাকায় নদীতে তার দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পাটুরিয়া নৌ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
আহসান হাবিব ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থিত নাসা গামেন্টেসের জেনারেল ম্যানেজার ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলা শহরের ফুলবাড়ি এলাকায়। তবে তিনি সাভারের রেডিও কলোনি এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, গত শুক্রবার তিনি ব্যক্তিগত গাড়িতে স্ত্রী শামীমা নাসরিন ও একমাত্র শিশু সন্তান অহনকে (১০) নিয়ে জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর পাড়ে বেড়াতে যান। বেলা ৩টার দিকে স্ত্রী ও ছেলেকে যমুনা নদীর তীরে বসিয়ে নদীতে গোসল করতে নামেন তিনি। এক পর্যায়ে নদীতে ডুবে যান হাবিব।
পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে নদীতে খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরিরা গতকাল শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাফরগঞ্জ ও এর আশপাশে যমুনা নদীতে উদ্ধার অভিযান চালান। তবে নিখোঁজ হাবিবের সন্ধান পায়নি।
আজ রোববার বেলা ১১টার দিকে জাফরগঞ্জ এলাকায় মরদেহ ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, স্বজনদের দেয়া ছবি দেখে মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে আহসান হাবিবের মরদেহ।










