শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চা শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ ও চা শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে চা শিল্পের উন্নয়ন ও কল্যাণ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে টি অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, চা শ্রমিকদের নির্বাচন, মজুরি বৃদ্ধি, রেশন ব্যবস্থা, আবাসনের উন্নয়ন, সন্তানদের শিক্ষা ব্যয়, চিকিৎসা সুবিধা বৃদ্ধি ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের বিষয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করছে।

উপদেষ্টা আরো বলেন, চা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণের জন্য অর্থ, বাণিজ্য, শিল্প, ভূমি মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে শীঘ্রই একটি আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে। এছাড়াও, শ্রমিক ও মালিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ খাতের সমস্যা সমাধান করা হবে।

তিনি বলেন, আগামী দুর্গাপূজার আগে চা-শ্রমিকদের বোনাস প্রদান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। একইসঙ্গে নারী শ্রমিকদের জন্য উন্নত স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দেন তিনি।

চা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, বিভাগীয় শ্রম অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যেই এ নির্বাচন সম্পন্ন করা হবে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া, চট্টগ্রাম ও সিলেটের বিভাগীয় কমিশনার, চা বোর্ডের চেয়ারম্যান এবং শ্রম, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।