বাগেরহাটে সিগারেট তৈরির মেশিন, বিপুল পরিমাণ কাটিং তামাক ও সিগারেট উৎপাদনের বিভিন্ন উপকরণসহ দুটি ট্রাক আটক করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

গতকাল রাতে অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করে ভ্যাট বিভাগ, বাগেরহাট। আজ এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে সিগারেট তৈরির মেশিন, বিভিন্ন ধরনের সরঞ্জাম, বিপুল পরিমাণ কাটিং তামাক, সিগারেট ফিল্টার, ফয়েল পেপার, জেনারেটর, গাম, স্কচটেপ ও সিগারেট পেপারসহ সিগারেট উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ পাওয়া যায়।

পরে এসব মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে একটি সেট মেকিং মেশিন (দুই পার্ট), একটি সেট প্যাকিং মেশিন (দুই পার্ট), ৫০টি প্লাস্টিক ক্যারেট, একটি জেনারেটর, ৫১ বস্তা কাটিং তামাক। প্রতি বস্তায় ২৫ কেজি করে মোট ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাক রয়েছে। এছাড়া ৭৬ রোল সিগারেট পেপার, পাঁচ কার্টন ফিল্টার পেপার, তিন ড্রাম গাম/আটা, ৫৪ রোল ফয়েল পেপার, ছয় বক্স প্যাকেট তৈরির কাগজ, একটি হাওয়ার ট্যাংকি এবং ১০০ পিস স্কচটিপ জব্দ করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে আটক করা মালামালের নমুনা দেখে প্রতীয়মান হয়েছে যে, সিগারেট উৎপাদনের জন্য এগুলো মোটামুটি একটি পূর্ণাঙ্গ কারখানা স্থাপনের সরঞ্জাম।

ট্রাক দুটি ও জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে বিধি অনুযায়ী জব্দ করা মালামাল সদর দপ্তরের কাস্টমস গুদামে জমা দেয়ার কার্যক্রমও চলছে।