রাঙ্গামাটিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত সরকারের পদত্যাগ দাবির এক দফা কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড হয়েছে। রোববার (৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে শহরের হ্যাপির মোড় এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা এতে বাধা দেয়। বাধার মুখে কর্মসূচি না করে চলে যায় আন্দোলনকারীরা।

অভিযোগ পাওয়া গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। কয়েকজনকে মারধর করে। এ সময় তাদের হামলায় তিন শিক্ষার্থী আহত হন।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলছিলেন, আমরা তিন জন একসঙ্গে ছিলাম, তিন জনকেই মারধর করেছে। এছাড়া রাস্তায় নামলে পা ভেঙে দেবে বলে হুমকি দেয়া হয়েছে। 

এদিকে, সকাল ১১টার দিকে শহরের বনরূপা এলাকা থেকে লাঠিসোটা নিয়ে একটি মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করার সময় তাদের বাধা দেয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, রাঙ্গামাটিতে আন্দোলনকারীরা অবস্থান নেয়ার চেষ্টা করেছিল। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে আমরা প্রশমিত করি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো আছে, স্বাভাবিক আছে।