ঝালকাঠির রাজাপুরে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রদল নেতারকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রলীগ কর্মীরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে কুপিয়ে আহত করে। হামলায় আরো সাত-আটজন ছাত্রদলকর্মী আহত হন। গতকাল সকালে রাজাপুর শহরের স্কুল মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত কিরণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে স্কুল মার্কেট এলাকায় আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলার ঘটনা অস্বীকার করে উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ বাবু জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যস্ত ছিলেন। হামলার ঘটনা, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হতে পারে।