চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর তীরে গড়ে ওঠা বেতবাড়িয়া-গোহালবাড়ী গ্রামে প্রায় ৫০টি পরিবারের বসবাস। এসব পরিবারের দাবি ৪০ বছর ধরে পৈত্রিক অথবা ক্রয়সূত্রে পাওয়া জমিতে বসবাস করে আসছে তারা। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এসব জমি নিজেদের দাবি করে তাদের নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ এ পরিবারগুলোর।
গতকাল এ অভিযোগের পরিপ্রেক্ষিতে হয়রানি বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বেতবাড়িয়া-গোহালবাড়ী এলাকাবাসী। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য হাম্মাদ আল রাজীব, স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম, শেখা বেগম, শেলিনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, মহানন্দা নদীর পাশ দিয়ে গড়ে ওঠা গ্রামের প্রায় ৫০টি পরিবারের বসবাস পৈত্রিক অথবা ক্রয়সূত্রে পাওয়া জমিতে। এমনকি দীর্ঘদিন ধরে ভূমি অফিসে প্রায় প্রত্যেকের নামে নিয়মিত খারিজ-খাজনা চলমান। আমরা ৪০ বছর ধরে এসব জমিতে বসবাস করছি। এমনকি ১৯৭২ সালের রেকর্ড ও নকশা অনুযায়ী সাধারণ মানুষই এসব সম্পত্তির প্রকৃত মালিক। হঠাৎ করে পাঁচ-ছয় বছর ধরে ১৯৬৮ সালের অধিগ্রহণের কথা বলে এসব সম্পত্তি নিজেদের বলে দাবি করছে পাউবো। পাউবোর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী বারবার বিভিন্ন অজুহাতে নোটিস পাঠিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। পরে বিষয়টির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে গ্রামবাসী।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পরিচালক মেহেদি হাসান বলেন, গ্রামবাসী যদি গ্রহণযোগ্য কাগজপত্র দেখাতে পারে তবে তারাই জমি ভোগ-দখল করবে।










