ছুটির দিনেও স্বস্তি নেই ঢাকার বাতাসে। বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরের তালিকায় আজ শুক্রবার (২১ মার্চ) ৬ষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। আজ সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।
একই সময়ে ২০৯ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে পাকিস্তানের শহর লাহোর, ২০৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি এবং তৃতীয় অবস্থানে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের স্কোর ১৯৯।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বাতাসের গুণমান নির্ধারণের একিউআই স্কেল অনুযায়ী ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশের একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।















