ঝালকাঠিতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে কুয়াকাটা-বেনাপোল রুটের দুটি বাস থেকে প্রায় ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে বাস দুটির ছয়জনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে শহরের পেট্রলপাম্প মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযানে নেতৃত্ব দেন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় প্রায় ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাস দুটির ছয়জনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।