সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা জ্ঞান ও দক্ষতানির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করছি। যেখানে শিক্ষার্থীরা দক্ষ, যোগ্য, মানবিক ও সৃজনশীল মানুষ হয়ে উঠবে। শিক্ষার্থীরা স্বাবলম্বী হবে এবং তার মধ্যে যে প্রতিভা আছে তার পুরোটা বিকাশের সুযোগ পাবে। আমি মনে করি, একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলা এবং সংস্কৃতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।’
গতকাল দুপুরে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এমআর শামীম পাটওয়ারী। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. জেআর ওয়াদুদ টিপু, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাতসহ অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।









