কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশু মাহিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মো. সোলেমান নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সোলেমান আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর আদালত থেকে হাজতে নেয়ার পথে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন। সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবেন না।

মামলার বাদী ও ভিকটিমের পিতা আতাউল্লাহ জানান, তার মেয়ে মাহিয়া মহেশখালীর মাতারবাড়ির দক্ষিণ সাইরারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০২২ সালের ৩০ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর খেলার সময় তাকে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষণ ও হত্যা করে মরদেহ গুম করা হয়। পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

মাহিয়ার পিতা ২০২২ সালের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ এ রায় কার্যকর করা হলো।