ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে গত ৪৮ ঘণ্টায় প্রায় ১ লাখ ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা। বুধবার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় ১২টি বুথ চালু রাখা হয়েছে। পাশাপাশি যান চলাচল নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত জনবল নিয়োজিত রয়েছে।

সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) সূত্রে জানা গেছে, গত ২৫ মে মেঘনা ও গোমতী সেতু দিয়ে প্রায় ৫৮ হাজার যানবাহন পারাপার হয়। ওই দিন টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ টাকা। পরদিন ২৬ মে ছোট যানবাহনের সংখ্যা বেশি থাকায় ৫৬ হাজার যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৯ লাখ টাকা।