গাজীপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। এছাড়া সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় দুজন, টাঙ্গাইলে একজন ও মুন্সিগঞ্জে একজন নিহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

গাজীপুর: শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে পাঁচ যাত্রী নিয়ে গতকাল সকালে কালিয়াকৈর যাচ্ছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। মাওনা-ফুলবাড়ী সড়কের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। আহত হন আরো দুজন। তাদের উদ্ধার করে স্থানীয়রা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন অটোরিকশাচালক ওবায়দুল। অপর দুজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

কুমিল্লা: চৌদ্দগ্রামে ডাম্প ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় মোবারক আলী রকি নামে এক হেলপার নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক আলী রকি চট্টগ্রামের খুলশি থানার লালখান বাজার এলাকার মৃত রমজান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে মহাসড়কের নানকরা এলাকায় একটি পিকআপ ফেনীগামী ডাম্প ট্রাকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপে বসে থাকা হেলপার মোবারক আলী রকি গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাস অটোরিকশার ওপর ছিটকে পড়লে চালক রসুল মিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের তিন যাত্রী। গতকাল শহীদনগর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রসুল গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে

হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লাগামী কাভার্ড ভ্যান থেমে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ছিটকে অটোরিকশার ওপর পড়ে। এ সময় মাইক্রোবাস চাপায় নিহত হন রসুল মিয়া।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. নুরুল আফসার জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল: মির্জাপুরে মহাসড়কের ওপর উল্টে পড়া আলুর ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে থাকা গোড়াই হাইওয়ে থানার ওসিসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মির্জাপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা আলুর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাড়কের ওপর উল্টে যায়। পরে আলু অন্য ট্রাকে তোলা হচ্ছিল। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ট্রাকের পাশেই থাকা গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট ও দুই পুলিশ সদস্যসহ সাতজন আহত হন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক ইলিয়াস মারা যান।

মুন্সিগঞ্জ: সিরাজদিখানে গাড়িচাপায় মো. কামাল শেখ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মালখানগর-ইছাপুরা সড়কের মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কামাল শেখ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত মমিন আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে ব্যাটারিচালিত একটা অটোরিকশায় টমেটো নিয়ে ঢাকার আড়তে যাচ্ছিলেন কৃষক কামাল শেখ। সিরাজদিখান উপজেলার কাকালদি এলাকায় পৌঁছলে একটি গাড়িচাপায় ব্যাটারিচালিত অটোরিকশাটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই কামাল শেখ মারা যান।