ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে। তবে পদ্মার উভয় পাড়ে পারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। এদের মধ্যে বেশিরভাগই পণ্যবাহী ট্রাক।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র আরিচা কার্যালয়ের
উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে থাকে।
সকাল সাড়ে ৫টায় কুয়াশার ঘনত্ব বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে ফেরির মার্কিং লাইটের
আলো অস্পষ্ট হয়ে যায়।
নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝনদীতে
দুটি ফেরি খান জাহান আলী ও শাহ মখদুম নোঙর করে রাখা হয়।
সকাল সাড়ে ১০টায় কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মাঝ নদীতে আটকে থাকা ফেরি দুটিও ঘাটে ভিড়েছে।
এদিকে ঘন কুয়াশায় আরিচা কাজিরহাট নৌরুটে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
দুইপারে অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।










