কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এর প্রতিবাদে আজ শনিবার বেলা ১২টার দিকে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পুলিশ জানিয়েছে, গতকাল সাপ্তাহিক ছুটি থাকার কারণে মার্কেট বন্ধ ছিল। জনগণের চলাচল ছিল অনেকটাই কম। এই সুযোগে রাতের কোন এক সময় ভাস্কর্যের ডান হাত, মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়।
কুষ্টিয়া পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে ২০০৩ সালে পাঁচ রাস্তার মোড়ে জাতীয় ফুল শাপলার একটি ভাস্কর্য নির্মাণ করে কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ। এরপর থেকে এটি ‘শাপলা চত্বর’ হিসেবে পরিচিত মানুষের কাছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে পৌরসভা বর্তমানে শাপলার ভাস্কর্য ভেঙে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ শুরু করে। সেখানে জাতীয় চার নেতার পোট্রেটও থাকবে এমনটাই কথা ছিল।
প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভাস্কর্য নির্মাণকাজের প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছিল। ভাঙার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শহরের সিসি ক্যামেরার ভিডিও দেখে দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন সংগঠন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিচে দাঁড়িয়ে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করে সংগঠনগুলো।










