বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং বরিশাল ক্লাবের সেক্রেটারি আমিনুল ইসলাম পরাণকে দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না তা জানতে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। নোটিস প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বরিশাল ক্লাবের এক সদস্যের দায়ের করা মামলার শুনানি শেষে গতকাল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার আবদুল কাদের ও বেঞ্চ সহকারী বায়েজিদ হোসেন।
বাদীর আইনজীবী আজাদ রহমান জানান, বরিশাল ক্লাবে অবৈধভাবে সভাপতি পদ দখল করে ক্লাব পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গত ১৩ জুলাই মেয়র সাদিক আবদুল্লাহ এবং অফিস সেক্রেটারি আমিনুল ইসলাম পরাণকে বিবাদী করে একটি মামলা হয়।
১৬ জুলাই বাদীর আইনজীবী বিবাদীদের স্বপদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি আবেদন করেন আদালতে। আদালত মামলার গ্রহণযোগ্যতা ও নিষেধাজ্ঞা বিষয়ে শুনানি শেষে বিবাদীদ্বয়ের স্বপদে দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না তা জানতে নোটিস প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।










