বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।
এতে সভাপতিত্ব করেন এফপিএবি’র সভাপতি মো. হারুন-অর-রশিদ এবং সঞ্চালনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. নূরুল্লাহ আওয়াল। শুরুতে সংস্থাটির চলমান কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, বর্তমানে দেশের ২১টি শাখা ও ৫টি কর্ম ইউনিটের মাধ্যমে সংস্থাটি প্রজনন স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও যুব অধিকার নিয়ে সরকারের সঙ্গে কাজ করছে। ভবিষ্যতে সরকারি অনুদান বৃদ্ধি পেলে প্রজনন স্বাস্থ্যসেবার পরিধি আরো বিস্তৃত করা যেতে পারে।
অনুষ্ঠানে সংস্থাটি ২১টি শাখার জেলা কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। এ সময় প্রধান অতিথি সংস্থাটির কার্যক্রমে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এফপিএবি’র কার্যক্রম এগিয়ে নিতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।










