বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার জি খোজিন বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা পরস্পর কুশলবিনিময় করেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলম প্রেরিত বার্তায় বলা হয়, বৈঠকটি আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বৈঠকের আলোচনার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরো বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।’

আলোচনাকালে অ্যাম্বাসেডর আলেকজান্ডার জি খোজিনের সঙ্গে উপস্থিত ছিলেন রাশিয়ান অ্যাম্বাসির পলিটিক্যাল কাউন্সিলর এ্যানটন চেরনোভ। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।