ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। গত দুই থেকে তিনদিন ধরে তিলত্তমা শহরটির বাতাসের মান 'মধ্যম' পর্যায়ে রয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) অনুযায়ী, ৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ৪২তম অবস্থানে ছিল ঢাকা। এই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘সহনীয়’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক বলছে, একই সময় ১৮৯ স্কোর নিয়ে প্রথম স্থানে ছিল ভারতের দিল্লি এবং ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর। আর ১৭১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয়।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।
তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।















