সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজনের ঘটনাস্থলেই এবং একজনের হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। ঘটনাটি শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় ঘটে।
নিহতরা হলেন জকিগঞ্জের মাদারখাল গ্রামের আদিল হোসাইন (২০), একই গ্রামের জাকারিয়া আহমদ (২১) ও বিয়ানীবাজার উপজেলার মিনারাই গ্রামের রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮)।
তাদের মধ্যে আদিল হোসাইন ও জাকারিয়া আহমদ এক মোটরসাইকেলে ছিলেন। তাদের সঙ্গে ছিলেন তাদের গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেল দুদিক থেকে আসছিল। গাড়ি দুটিই বেপরোয়া গতিতে ছিল। মুহিদপুর এলাকায় এ দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে আদিল, জাকারিয়া ও মিলন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অপর মোটরসাইকেলের আরোহী বিয়ানীবাজারের রেদওয়ান আহমদ ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। লাশগুলো ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে।










