চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ৩ নম্বর ওয়ার্ড মহাজন পাড়া এলাকার খোকন বসাকের সেমিপাকা টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধ খোকন বসাককে (৪২) চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন খোকনের বাবা কাঙাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী লাকি বসাক (৩২), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬)।

পুলিশ জানিয়েছে, সিএনজি অটোরিকশা চালক খোকন বসাক তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সেমিপাকা ঘরে থাকতেন।

তাদের ঘরের বাইরে যাওয়ার দরজা একটি। রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে কাঠের লাকড়ির মাধ্যমে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বসতঘরের জানালার গ্রিল কেটে আগুনে দগ্ধ ৫ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা গেছে।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ কামরুজ্জামান সুমন বণিক বার্তাকে জানান, দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। দরজা ভেঙে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ভোররাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রান্না ঘরের চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করি। কিন্তু তার আগেই আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু হয়। একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চমেকে ভর্তি করা হয়েছে।