হবিগঞ্জের নবীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। শায়েস্তাগঞ্জে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপচালক প্রাণ হারিয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নোয়াখালী, কুমিল্লা, রংপুর, রাঙ্গামাটি, ঝিনাইদহ, খুলনা ও গোপালগঞ্জে আরো সাতজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৪ জন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

হবিগঞ্জ: নবীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় শামীমা আক্তার (৪৫) ও তার ছেলে ত্বকি আহমেদ (৪) নিহত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শামীমা আক্তার তার ছেলেকে নিয়ে দেওপাড়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা-ছেলে মারা যান। তখন বাসটি রাস্তার পাশে নেমে যায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

অন্যদিকে বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপচালক ফোরকান মিয়া (২৭) ঘটনাস্থলে নিহত হন। তার বাড়ি বাগেরহাটে। তিনি সিলেট থেকে রাজধানীতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

নোয়াখালী: জেলার সোনাইমুড়ীতে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে নোয়াখালী-ঢাকা সড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত হোসেন (৪৬) চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে। তিনি নোয়াখালী-ঢাকা রুটে চলাচল করা একুশে পরিবহনের চালক ছিলেন।

কুমিল্লা: সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের কাটাজাংগালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল আদর্শ সদর উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝমুর গ্রামের মুন্সীবাড়ির মুস্তাক মিয়ার ছেলে।

রংপুর: পীরগঞ্জে বাসচাপায় ফাতেমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা উপজেলার গঙ্গারামপুরের আব্দুল বারীর স্ত্রী।

রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়িতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবিনা আফসানা রিংকি (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ শিক্ষার্থী। গতকাল দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি কানন সরকার। নিহত রুবিনা আফসানা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ঝিনাইদহ: জেলার কোটচাঁদপুরে ট্রাক, ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজা মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা মিয়া কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের মহিউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর।

খুলনা: মহানগরীর লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদনগর স্লুইসগেট এলাকায় ইজিবাইকের ধাক্কায় মুনতাজিন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাজিন দাকোপ উপজেলার কালাবগি এলাকার সাদ্দাম সরদারের ছেলে। রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ইজিবাইকচালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

গোপালগঞ্জ: ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানের এক হেলপার নিহত হয়েছেন। গতকাল সকালে গোপালগঞ্জের মাজড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সীমান্ত যশোর জেলার বেনাপোল এলাকার বাসিন্দা।