বরিশাল সিটি নির্বাচনে নৌকা প্রতীকের তিন কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনায় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইছ আহমেদ মান্না ও তার নয় সহযোগীকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করে কাউনিয়া থানা পুলিশ। এর আগে ওই দিন রাত ৮টার দিকে কাউনিয়া মড়কখোলা পুল এলাকায় নৌকার তিন কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে মান্না বাহিনীর বিরুদ্ধে। মান্নাসহ ১০ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আবদুর রহমান মুকুল।
আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর ভাগনে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি মেয়র সাদিকের চাচা।
কাউনিয়া থানার এসআই সাইদুল হক জানান, নগরীর হাসপাতাল সড়কের একটি বাড়ির বাগান থেকে ছাত্রলীগের আহ্বায়ক মান্নাসহ দুজনকে এবং অন্য আটজনকে কাউনিয়া বিসিক এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে তিনজনকে কুপিয়ে জখম করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে আটক অন্য নয়জনের নাম জানায়নি পুলিশ।
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত মনা দাবি করেন, তারা নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কর্মী হিসেবে কাজ করছেন। এ কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে।










