নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ অভিযোগপত্র আমলে নেন। বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ড. ইউনূস আজ মানি লন্ডারিং মামলায় হাজিরা দিয়েছেন। ১৪ জনের একজন অসুস্থ থাকায় আসতে পারেননি। চেয়ারে করে চলাফেরা করেন। উনি স্পেসমেকার লাগিয়েছেন, উনার ব্যাপারে আমরা সময়ের আবেদন করি। কিন্তু আদালত আবেদন নাকচ করে ওয়ারেন্ট করে দিয়েছেন। মামলা ৪ নং বিশেষ কোর্টে বদলি করেছেন। মে মাসের ২ তারিখ পরবর্তী তারিখ ধার্য করেছেন। যিনি স্পেসমেকার লাগিয়েছেন, তাকে আদালতের নির্দেশ অনুযায়ী অ্যাম্বুলেন্সে করে চারটার মধ্যে আনা হচ্ছে। তার জামিন আবেদন নাকচ করে দেয়া খুব অমানবিক একটি বিষয়। উনি ড. ইউনূসের পর নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।

এর আগে ড. ইউনূস আজ দুপুর ১২টা ৫০ মিনিটে আদালতে হাজির হন। ড. ইউনূস এ মামলায় গত ৩ মার্চ আদালত থেকে জামিন পান।

গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা এ মামলায় গত ১ ফেব্রুয়ারি ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।