সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। ৩ এপ্রিলের মধ্যে এ কমিটি প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি।
আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এখানে একটি ‘স্যাবেটাজ’ হয়েছে বলে আমরা ধারণ করি। সাউন্ড সিস্টেমে কেন সমস্যা হয়েছে সেটি জানতে বুয়েটের বিশেষজ্ঞ থেকে পরামর্শ নেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, দুটি বিষয় এখানে দেখা হবে, প্রথমত কোনো ‘স্যাবোটাজ’ হয়েছে কিনা, আরেকটি হলো আসলে সাউন্ড সিস্টেমে কি সমস্যা হয়েছে ও সেটি সমাধানের পদ্ধতি কী?
গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন শব্দযন্ত্রে সমস্যা দেখা দেয়। এ জটিলতায় সেদিন বেশ কিছু সময় অধিবেশন বন্ধ রাখতে হয়েছিল। পরদিনও একই সমস্যা থাকায় এ নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন বিরোধীদলের এক সংসদ সদস্য।










