রাজধানীর গুলশানে কিশোরসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের ধারণা, দুই দিন আগেই তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-২, রোড নম্বর ১০৮-এর ২১ নম্বর প্লটের একটি চায়ের দোকানের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ। তিনি জানান, দুই ব্যক্তির মধ্যে মো. রফিকের বাড়ি বরিশাল সদরের দবদবিয়া গ্রামে। আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। তারা ওই চায়ের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।