কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিএডিসির সার কেলেঙ্কারিতে দুদকের করা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় আরো তিন জনকে অর্থদণ্ডসহ সাত বছরের সাজা দেয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ বিএডিসির (সার) সাবেক যুগ্ম পরিচালক আহাদ আলী ও ভৈরবের বিএডিসির (সার) ভারপ্রাপ্ত সহকারি পরিচালক রেজাউল করিম। আর সাত বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন নরসিংদীর হাজীপুর নয়াপাড়ার মৃত ফজলু মিয়ার ছেলে মো. হারিছুল হক, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম বাঙ্গালপাড়ার মৃত চুনীলাল রায়ের ছেলে লিটন রায় ও নরসিংদীর বেলাবোর মো. মজিবুর রহমান খানের ছেলে সারোয়ারুল আলম সবুজ। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরবে মজুদ সার না থাকায় ও সারের ঘাটতি হওয়ায় বিএডিসি (সার) এর যুগ্ম পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ শেখ বাদী হয়ে মামলা করেন। ১০ জুলাই ২০১৫ সালে মামলায় দুদকের দেয়া তদন্ত প্রতিবেদন অভিযোগপত্র আদালতে দাখিল হয়। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষে এ আদেশ দেন। মামলাটি রাষ্ট্রপক্ষ দুদকের আইনজীবী কাজী শফিকুল হাসান ও আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ফজলুল হক, মকবুল হোসেন ভূঁইয়া মামলাটি পরিচালনা করেন।