কুষ্টিয়ায় প্রিন্স লাল নামে দেড় মাস বয়সী এক শিশু নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
গতকাল কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
কুষ্টিয়ায় সবচেয়ে কম বয়সী শিশুর করোনা আক্রান্তের ঘটনা এটিই প্রথম।
করোনা আক্রান্ত শিশুটির বাড়ি কুষ্টিয়া শহরের বড় স্টেশন এলাকায়।
তার বাবার নাম আকাশ লাল।
গত সোমবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির শরীরে নভেল করোনাভাইরাসের উপসর্গ দেখে সেখানকার চিকিৎসকরা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান।
গতকাল শিশুটির করোনা পজিটিভ রিপোর্ট আসে।
করোনা শনাক্তের পর শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
শিশুটির ঠাকুরমা শিলা জানান, এক সপ্তাহ ধরে প্রিন্সের গায়ে জ্বর ছিল।
দুদিন আগে তার শ্বাসকষ্ট শুরু হলে সনো হাসপাতালে ডাক্তার দেখাতে যাই।
সেখানকার ডাক্তারদের পরামর্শে আমার নাতিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি।
সেখানে তার নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
আমাদের পরিবারের অন্য কারো করোনা ছিল না, এখনো নেই।
মাত্র দেড় মাস বয়সের এ শিশুর কীভাবে করোনা হয়েছে বুঝতে পারছি না।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসক ডা. ইফতেখার হোসেন বলেন, প্রিন্স নামে দেড় মাস বয়সী শিশুটি করোনা আক্রান্ত হয়েছে।
তার সঙ্গে তার মা ও দাদি আছে।
শিশুটির জ্বর ও শ্বাসকষ্ট আছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান, এর আগে স্কুলপড়ুয়া শিশু করোনায় আক্রান্ত হয়েছিল।
কিন্তু এত ছোট বা কম বয়সী কেউ আক্রান্ত হয়নি।
কী করে শিশুটি সংক্রমিত হলো এখনো জানা যায়নি।










