বাগেরহাটের কচুয়ায় অপারেশনের পর রোগীর মৃত্যুর ঘটনায় কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরুল করিমের অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. আরিফুলকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির। কমিটির অন্য সদস্যরা হলেন, বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুনায়েদ সাফার মাহমুদ এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত দাস।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ডা. মঞ্জুরুল করিমের ভুল অপারেশনের কারণে আকবর শেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে রোগীর পরিবার। ওই অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।তদন্ত কমিটির রিপোর্টে কর্তব্যে অবহেলার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
উল্লেখ, ১৯ অক্টোবর কচুয়া উপজেলার মাধবকাঠি গ্রামের আবুল বাশার শেখের ছেলে আকবর শেখ (২৫) পেটে ব্যাথা নিয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের কথা বলেন। ২০ অক্টোবর সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুরুল আলম তার অপারেশন করেন। অপারেশনের পর থেকে আকবরের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ২২ অক্টোবর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর আকবর শেখ মারা যান।
আকবরের পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসকের ভুল অপারেশনে তার মৃত্যু হয়েছে। কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনজুরুল আলমের শাস্তির দাবিতে ২৮ অক্টোবর কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবার। ওইদিন দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগও দেন নিহত আবর শেখের বাবা।










