বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তা দিয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।
মঙ্গলবার (১২ নভেম্বর) এসডিএফ কনফারেন্স হলে এসডিএফ প্রকল্পভুক্ত উপকারভোগী পরিবারের সদস্যদের এ আর্থিক সহায়তা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফ বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। এছাড়া এসডিএফের পরিচালনা পর্ষদ, গভর্নিং বডির সদস্য, নিহত ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এসডিএফ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উপকারভোগী পরিবারের ৭ জন সদস্য সম্মুখ আন্দোলনে নিহত হয়েছেন। এছাড়া ১৬ জন সদস্য গুরুতর আহত এবং ৩৩ জন সদস্য আহত হয়েছেন।
অনুষ্ঠানে সংস্থাটির সুবিধাভোগী আবু সাঈদসহ নিহত ৭ জনের পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকার চেক তুলে দেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি গুরুতর আহত ব্যক্তিদের ১ লাখ ও আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকার অর্থ সহায়তা দেয় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
এসডিএফ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০১ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন ও এসডিজি লক্ষ্য অর্জনে গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে এটি কাজ করে।










