পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এক ব্যবসায়ীর ২১ লাখ টাকার শুকনো মরিচ নিয়ে কাভার্ড ভ্যান উধাও হওয়ার ঘটনা ঘটেছে। ছয়দিন ধরে মরিচ ভর্তি কাভার্ড ভ্যানের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে কাভার্ড ভ্যানটির খোঁজ না পেয়ে ট্রাক বন্দোবস্তকারী শাহাদত হোসেনসহ চালকের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ করেছেন মরিচ ব্যবসায়ী মজনু।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজনু নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মরিচের ব্যবসা করে আসছেন। নোয়াখালী ও  ময়মনসিংসহ বিভিন্ন জেলার আড়তদারদের নিয়মিত মরিচ সরবরাহ করেন মজনু। গত ১৯ অক্টোবর নোয়াখালী জেলার চৌমুহনীতে প্রায় ছয় টন মরিচ সরবরাহের জন্য ট্রাক খুঁজছিলেন। এ সময় ট্রাক বন্দোবস্তকারী দুলাল কাভার্ড ভ্যানের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন। পরে দুলাল স্থানীয় অন্য ট্রাক বন্দোবস্তকারী শাহাদাতের মাধ্যমে একটি কাভার্ড ভ্যানের ব্যবস্থা করে দেন। ওই দিন বিকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে ১১৭ বস্তা ভর্তি প্রায় ২১ লাখ টাকার শুকনো মরিচ কাভার্ড ভ্যানে তুলে রওনা দেন চালক মো. রিয়াদ (৩৫)। দুই থেকে তিনদিন পর চৌমুহনীতে মরিচ পৌঁছে দেয়ার কথা থাকলেও অদ্যাবধি চালক ও কাভার্ড ভ্যানটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চালকের মোবাইল ফোনে বারবার কল দেয়া হলেও বন্ধ পাওয়া যায়।  ট্রাক বন্দোবস্তকারী শাহাদাত হোসেনর দাবি, মরিচ পরিবহনের কোনো ট্রিপ আমি বন্দোবস্ত করিনি।