সিলেটে ৪ দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এই সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি এই সংলাপের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল
মোমেন। তিনি বলেন, তিস্তার পানি বণ্টনের বিষয়ে নীতিগতভাবে বাংলাদেশ ও ভারত এক। কোনো
একটা কারণে এটি আটকে আছে, সময়ের সাথে ঠিক হয়ে যাবে।
আগামীতে ভারতের সঙ্গে বাংলাদেশ ভিসামুক্ত সম্পর্ক
চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, দ্রুত ভিসা প্রক্রিয়া
সমাধানের পাশাপাশি ভিসামুক্ত ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রত্যাশা করছে দু-দেশ। এসময় তিনি
আরো বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের ঐতিহাসিক
পদাঙ্ক অনুসরণ করে দ্বিপাক্ষিক বাণিজ্যিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিগত
উৎকর্ষ অর্জনে কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ
কে আব্দুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী
এমপি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভারতের আরো সহযোগিতা প্রয়োজন। তিনি দুদেশের
ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক সুদূঢ়
করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের স্বার্থে প্রতি বছরের ন্যায়
এবারও এই সংলাপ শুরু হয়।
সংলাপে বাংলাদেশের পক্ষে ৬ জন মন্ত্রী, ২০ জন সংসদ
সদস্যসহ জাতীয় নেতারা অংশ নিয়েছেন। সংলাপ উপলক্ষে ভারত থেকে ১৪০ জনের প্রতিনিধি দল
সিলেটে এসেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ভারতের
সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ভিনসেন্ট পালা ও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও সংসদ
সদস্য সপন দাশ গুপ্ত।
শুক্রবারর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।










