ঝালকাঠির রাজাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে হালিম খলিফা নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী সুখি বেগম, সুখির দুই ভাই লিটন তালুকদার ও সাইফুল তালুকদার। নিহত হালিম খলিফা মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মন্টু খলিফা ও সেলিম খান নামে দুজনকে আটক করেছে। আহতরা হলেন নিহত আওয়ামী  লীগ নেতার স্ত্রী।

নিহতের শ্যালক সাইফুল তালুকদার অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে একই বাড়ির প্রতিপক্ষদের সঙ্গে হালিম খলিফার জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।  এ নিয়ে কয়েক দফায় সালিশ হলেও বিরোধের সুরাহা হয়নি। কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল।

এসব ঘটনার জেরে সোমবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মন্টু খলিফা, তুহিন খান, সেলিম খান, শাহিন, সোহাগ, সজীব, শামিম ও শাওনসহ ১৫-২০ জন্য পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হালিম খলিফা ও তার স্ত্রী সুখি বেগমকে জখম করে। খবর শুনে বোন ও ভগ্নিপতিকে রক্ষায় এগিয়ে গেলে লিটন ও সাইফুলকেও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক হালিম খলিফাকে মৃত ঘোষণা করেন। অপর আহত লিটন, সাইফুল ও সুখি এবং অভিযুক্ত মন্টুকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, কুপিয়ে হত্যার ঘটনায় মন্টু ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।